ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ভ্যালেরি এ টেইলর পাচ্ছেন প্রকৃতি সংরক্ষণ পদক

ভ্যালেরি এ টেইলর পাচ্ছেন প্রকৃতি সংরক্ষণ পদক
×

বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১০:৪৬

প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য 'প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক ২০১৯' পাচ্ছেন ভ্যালেরি এ টেইলর।

শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে হতে যাচ্ছে প্রকৃতি মেলা ২০২০। ওই দিন সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভ্যালেরি এ টেইলরের হাতে এ পদক তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার এ উপলক্ষে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাবেক বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ, গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পিএলজির ব্যবস্থাপনা পরিচালক রেজিন হাফিজ, পরিবেশবিদ ড. ইশতিয়াক সোবহান, ড. মো. জসীম উদ্দিন প্রমুখ।

প্রকৃতি সংরক্ষণ পদক ছাড়াও এবারের মেলায় প্রদান করা হবে এনভায়রনমেন্ট সিটি অব দ্য ইয়ার পুরস্কার। এ পুরস্কার পাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন। সংবাদ সম্মেলন শেষে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে উপস্থিত অতিথি ও শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা তেজগাঁও শিল্প এলাকা প্রদক্ষিণ করে।

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ২০১০ সালের ১ আগস্ট থেকে শুরু হয় 'প্রকৃতি ও জীবন' অনুষ্ঠানের পথচলা। পরের বছর থেকে প্রকৃতি সংরক্ষণের অনন্য উদ্যোগ মূল্যায়ন করতে এই পদক প্রদানের সিদ্ধান্ত হয়। এর আগে এ পদক পেয়েছেন দ্বিজেন শর্মা, ড. রেজা খান, ইনাম আল হক, ড. আইনুন নিশাত, অধ্যাপক ড. নূরজাহান সরকার, ইশতিয়াক উদ্দিন আহমেদ, কাজী খলীকুজ্জমান আহমদ এবং ড. মিহির কান্তি মজুমদার।

আরও পড়ুন

×