মেননের এমপি পদের বৈধতা নিয়ে রিট হাইকোর্টে খারিজ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৭:৪৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০৭:৪৭
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেননের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্ট এ বিষয়টি নিয়ে প্রয়োজনে নির্বাচন সংক্রান্ত ট্রাইবুন্যালে যাওয়ার জন্য বলেছেন। কিন্ত আইনে বলা আছে, এমপি হিসেবে গেজেট হওয়ার ৩০ দিনের মধ্যে মামলা করার বিধান রয়েছে। এজন্য তিনি ফের আপিল আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করবেন।
রাশেদ খান মেননের সংসদ সদস্যপদ বাতিল চেয়ে গত বছরের ৮ই ডিসেম্বর হাইকোর্টের সংশ্নিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করা হয়। আবেদনে বলা হয়, রিটকারী ইউনূস আলী আকন্দ একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন হতে জাতীয় পার্টির (জাপা) একজন প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি রাশেদ খান মেননের কাছে পরাজিত হন। গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের পর ১৯ অক্টোবর বরিশাল নগরীতে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘আমি নিজেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তারপরেও আমি সাক্ষ্য দিয়ে বলছি এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি ইউনিয়ন পরিষদের ভোটও দিতে পারে না, উপজেলায়ও পারে না।’
রাশেদ খান মেননের ওই বক্তব্য তুলে ধরে রিটে বলা হয়, তার সংসদ সদস্যপদ থাকতে পারে না। কারণ উনি নিজেই ভোট গ্রহণের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। নৈতিক কারণে তার এমপি পদ খারিজযোগ্য। রিটে রিটকারী ইউনুস আলী নিজেকেই সংসদ সদস্য হিসেবে ঘোষণা করতেও আদালতে আবেদন জানিয়েছিলেন।
