ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আবরার হত্যার আসামি মোর্শেদ আত্মসমর্পণের পর কারাগারে

আবরার হত্যার আসামি মোর্শেদ আত্মসমর্পণের পর কারাগারে
×

মোর্শেদ অমত্য ইসলাম

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০ | ০২:১৪ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ | ০২:১৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় পলাতক আসামি মোর্শেদ অমত্য ইসলাম আত্মসমর্পণ করেছেন। 

রোববার তিনি ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরার আদালতে আত্মসমর্পন করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চকবাজার থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবরার হত্যা মামলায় গত ৫ জানুয়ারি চার পলাতক আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৩ জানুয়ারি এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য ছিল। তবে আসামিদের গ্রেপ্তার করতে পারেনি বলে পুলিশ প্রতিবেদন দাখিল করলে মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আসামিদের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারি করেন আদালত।

আসামিরা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম, মোর্শেদ অমত্য ইসলাম ও মোস্তবা রাফিদ। এদের মধ্যে প্রথম তিনজন এজহারভুক্ত ও শেষের জন এজাহার বহির্ভূত।

১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং তদন্তে প্রাপ্ত এজাহার বহির্ভূত ছয়জন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন ও এজাহারবহির্ভূত ৬ জনের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৮ জন।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের হলে পিটিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

×