কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ১০:৩০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিভাগটির সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থী এ অভিযোগ তুলে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবু তাহের ও ইংরেজি বিভাগের প্রোগ্রাম পরিচালক ড. হাবিবুর রহমান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই শিক্ষার্থী জানান, বিভাগীয় প্রধান প্রথমে তাকে শ্রেণি প্রতিনিধি (সিআর) হিসেবে নির্বাচন করেন। বিভিন্ন সময় তাকে তার কক্ষে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দিতেন। ওই শিক্ষক কয়েকবার তার বাসায়ও ডেকে নেওয়ার চেষ্টা করেন। এসবে সাড়া না পেয়ে হোয়াটস অ্যাপে কথা বলে নানা ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করতেন। কৌশলে এসব তিনি মোবাইলে রেকর্ড করে রাখতেন।
তিনি আরও জানান, গত ১৩ জানুয়ারি একটি কোর্সের পরীক্ষা দিতে বিভাগে যান তিনি। পরীক্ষা চলাকালে সবার মোবাইল ফোন জমা রাখতে বলা হয়। তিনিও মোবাইলসহ ভ্যানিটিব্যাগ সামনে রাখেন। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ব্যাগ থেকে মোবাইল ফোন বের করে দেখেন সেটিতে সিম অদল-বদল করা এবং মেমোরি কার্ডের জায়গায় নষ্ট একটি মেমোরি কার্ড লাগানো। বিষয়টি জানার জন্য অভিযুক্ত শিক্ষককে ফোন করলে তিনি ফোন ধরেননি। তখন তিনি বুঝতে পারেন ওই শিক্ষকের অনৈতিক প্রস্তাবের কথা ফোনে রেকর্ড থাকায়, সেগুলো তিনি মুছে ফেলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থী বলেন, আমাদের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে আগেও বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল।
বিভাগের নিয়মিত ও সান্ধ্য কোর্সের বেশ কয়েকজন শিক্ষার্থীও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, 'নতুন ব্যাচের শিক্ষার্থীরা এলেই তাদের মধ্য থেকে দেখতে সুন্দর এমন ছাত্রীকে সিআর হিসেবে মনোনীত করেন এবং তার সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে তাকে নানা সুবিধা দেওয়ার কথা বলে অনৈতিক প্রস্তাব দেওয়া হতো।'
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদার বলেন, 'আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ করা হয়েছে। অভিযোগ যেহেতু দেওয়া হয়েছে তা প্রমাণ করার বিষয়।'
এ বিষয়ে ইংরেজি বিভাগের সান্ধ্য কোর্সের প্রোগ্রাম পরিচালক ড. হাবিবুর রহমান বলেন, 'আমি অভিযোগ পেয়েছি। সান্ধ্য কোর্সের সঙ্গে যারা আছেন, সবাইকে নিয়ে বসে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবু তাহের বলেন, অভিযোগের বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে। তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- যৌন হয়রানি
- শিক্ষক
