ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বরিশালে আড়াই ঘণ্টা ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের

বরিশালে আড়াই ঘণ্টা ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের
×

সড়ক অবরোধ

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৬:৪২

শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে তারা প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয়পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থী কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে বেলা আড়াইটার দিকে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৪টা পর্যন্ত বিক্ষোভকারীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। কঠিন বিষয়ের পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় দেওয়া হয়নি। 

তাদের দাবি, এ বছরের প্রশ্নপত্র আগের বছরের তুলনায় কঠিন হয়েছে এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইর থেকেও এসেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ না থাকলেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক বোর্ডে পরীক্ষা স্থগিত হলেও অন্য বোর্ডগুলোতে তা বহাল রাখায় বৈষম্য তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ বলেন, ‘আমাদের সমস্যাগুলোর সমাধান না করে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করেছেন। তাই আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। একইসঙ্গে বর্তমান পরীক্ষা ব্যবস্থারও পরিবর্তন চাই।’

শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিষয়গুলো সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন

×