ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গ্রাফিক নভেল 'মুজিব' সপ্তমখণ্ডের মোড়ক উন্মোচন

গ্রাফিক নভেল 'মুজিব' সপ্তমখণ্ডের মোড়ক উন্মোচন
×

রোববার অমর একুশে গ্রন্থমেলায় গ্রাফিক নভেল 'মুজিব' সপ্তমখণ্ডের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৬ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:৫২

গ্রাফিক নভেল 'মুজিব' এর সপ্তমখণ্ডের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এর উদ্বোধন শেষে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) স্টলে এ মোড়ক উন্মোচন করেন তিনি।

প্রথমে তার হাতে গ্রাফিক নভেল 'মুজিব' সপ্তমখণ্ড তুলে দেন সিআরআই ট্রাস্টি ও বইটির প্রকাশক বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এরপর সেখানে ড. আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীসহ উপস্থিত সবার হাতে এক সেট করে বই তুলে দেওয়া হয়।

সিআরআই সূত্র জানায়, শিশু-কিশোরদের জন্য তৈরি এই সপ্তমখণ্ডে তৎকালীন দুর্ভিক্ষের চিত্র উঠে এসেছে। এই বইটির সম্পাদনায় সরাসরি প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে বইয়ে স্থান পাওয়া মানুষগুলোর অবয়ব পরিবর্তন করে রুগ্ন ও শীর্ণ করা হয়, যেমনটা দুর্ভিক্ষের সময় ছিল। 

রোববার অমর একুশে গ্রন্থমেলায় গ্রাফিক নভেল 'মুজিব' সপ্তমখণ্ডের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোড়ক উন্মোচনের সময় অন্যদের মধ্যে সিআরআই'র নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, বইটির সম্পাদক শিবু কুমার শীল, কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বইটির প্রথম খণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খেলাধুলা, পড়াশোনা, ডাক্তারের কাছ থেকে পালানো, প্রথমবারের মতো কারাবরণের মতো বিভিন্ন কৌতূহলোদ্দীপক কাজের পাশাপাশি দেশের প্রতি কিশোর বয়স থেকেই তার বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থানের চিত্র স্থান পেয়েছে। 

দ্বিতীয় খণ্ডে বঙ্গবন্ধুর রাজনীতিতে হাতেখড়ির পাশাপাশি তার প্রেরণা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার বিষয়টি তুলে ধরা হয়। তৃতীয় খণ্ডে বঙ্গবন্ধুর স্কুল ও কলেজ জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষের সময় মানবিক ভূমিকা উঠে আসে। চতুর্থ খণ্ডে অল ইন্ডিয়া মুসলিম লীগ সম্মেলন শেষে তরুণ শেখ মুজিবের দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। 

গ্রাফিক নভেল 'মুজিব' সপ্তমখণ্ডের মোড়ক ইন্মোচনের পর বইটি হাতে অতিথিরা

'মুজিব-৫' এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ওই যুদ্ধকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহলের কালোবাজারি এবং দেশের কিছু এমএলএ ও খান বাহাদুরদের স্বার্থের টানাপোড়েনের কারণে ব্রিটিশ গভর্নরের কাছে ক্ষমতা চলে যাওয়ার কথা বর্ণনা করা হয়। এসব কিছু দারুণভাবে নাড়া দেয় তরুণ শেখ মুজিবকে। 'মুজিব-৬' খণ্ডে খাজা নাজিমুদ্দিনের নানা কূটকৌশলের বিপরীতে বঙ্গবন্ধুর অবস্থান উঠে আসে।

আরও পড়ুন

×