ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুয়েট

ক্যাম্পাসে রোবটিক্স উৎসব

ক্যাম্পাসে রোবটিক্স উৎসব
×

দারুণ জমে উঠেছিল রোবটিক্স উৎসব

  ফাহিম রেজা

প্রকাশ: ১৮ মে ২০২৫ | ২৩:৫৩

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করে চতুর্থ শিল্পবিপ্লবের পথকে সুগম করতে প্রয়োজন কারখানাগুলোর স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা, পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা যা শিল্পকারখানার উৎপাদন বৃদ্ধি করবে এবং ব্যয় কমাবে। শিল্পকারখানার কাজে রোবটিক্সের ব্যবহার এ ক্ষেত্রে রাখবে অসাধারণ ভূমিকা। এই লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজন করা হয় জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব। গত ৮-১০ মে রোবট আর তরুণ উদ্ভাবকদের কল-কবজায় মুখর হয়ে উঠেছিল চুয়েট। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের উদ্যোগে আয়োজিত ‘MIE Robolution 1.0’ শিরোনামে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের এক ব্যতিক্রমধর্মী রোবটিক্স ও প্রযুক্তি উৎসব যেন ছিল  তরুণ প্রযুক্তিপ্রেমীদের উদ্ভাবনী শক্তির এক বিশাল প্রদর্শনী। দেশের ৪১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অংশগ্রহণকারী প্রায় সাত শতাধিক শিক্ষার্থী উৎসবে অংশ নিয়েছে। সবচেয়ে 
আলোচনায় এসেছে উৎসবের রোবটিক্স প্রতিযোগিতা। রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, টেকাথন, প্রজেক্ট শোকেস, ক্যাড ডিজাইন ও দাবা– এই ছয়টি ভিন্নধর্মী বিভাগে ভাগ করা প্রতিযোগিতাগুলোতে অংশ নিচ্ছে বিভিন্ন প্রজন্মের মেধাবী তরুণ। অনুষ্ঠানের প্রথম দিন গত  ৮ মে সকাল ১০ টায় কেক কাটা এবং এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠানটির। পরে বেলা ১১টা থেকে চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয় সেমিনার। এতে আমন্ত্রিত বক্তারা বিভিন্ন প্রযুক্তিগত বিষয়ের ওপর বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে সেমিনারে বক্তব্য শোনেন। দ্বিতীয় দিন আয়োজিত হয় লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতা। যেখানে সেন্সর ও লজিক দিয়ে পথ চিনে নেওয়া রোবট দেখায় বুদ্ধিমত্তার ঝলক। এতে নির্দিষ্ট পথে চলতে সক্ষম রোবটের তৈরি করে কারিশমা দেখান প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা হাতেকলমে প্রযুক্তির ব্যবহার শিখে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। তারপর শুরু হয় রোবো সকার প্রতিযোগিতা যেখানে রোবটগুলো মাঠে নামে গোলের লড়াইয়ে। দ্রুতগতি, কৌশল আর সমন্বয়ের এই খেলায় প্রতিযোগীরা দেখায় নিখুঁত প্রোগ্রামিং দক্ষতা। প্রযুক্তি ও খেলাধুলার অসাধারণ এই সংমিশ্রণ দর্শকদের মাঝে তৈরি করে উত্তেজনার ঝড়। রোবো সকার তরুণ উদ্ভাবকদের জন্য এক চমৎকার চ্যালেঞ্জ ও আনন্দদায়ক অভিজ্ঞতা। ওইদিনের বিশেষ আকর্ষণ ছিল ‘টেকাথন’। টেকাথন হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত হ্যাকাথন। যেখানে বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে সফটওয়্যার এর সমন্বয় সাধন করা হয়। এই অনুষ্ঠানটি দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী  চুয়েটের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ইমন বলেন,  টেকাথন হচ্ছে প্রথম অনসাইট হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত হ্যাকাথন। এখানে অংশ নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং ছিল। তবুও ভালো লাগছে। সামনের দিনগুলোতে এমন আরও আয়োজন দেখতে পাব বলে আশা করি। শেষ দিনে হয় কম্পিউটার ভিত্তিক ডিজাইনিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোট ৩ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে। সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই তিন দিনব্যাপী  উৎসবের পর্দা নামে। v

আরও পড়ুন

×