টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬ | ১৫:২১
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) টানা ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ ও প্রয়োজনীয় কিছু সেবা সীমিত পরিসরে চালু রাখা হবে। আগামী ৬ জুন থেকে প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এদিকে ছুটির সময় শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে বিকেল ৫টা থেকে ৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। পরে ৬ জুন সকাল ৬টায় হলসমূহ শিক্ষার্থীদের জন্য আবার খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সময়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নে হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
