ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশে ‘ওয়াক টু সেরিনিটি’

মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশে ‘ওয়াক টু সেরিনিটি’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৩:১১

মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রতিকূলতাকে চিহ্নিত করে তা সমাধানের প্রচেষ্টায় কাজ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান ‘ওয়াক টু সেরিনিটি’। শুক্রবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হোসেন মিলনায়তনে ‘মাইন্ডসেট ওয়াক, মেন্টাল হেলথ ম্যাটার’ শীর্ষক একটি আলোচনা ও মতবিনিময় সভার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করে।

অভিনেত্রী বন্যা মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক তাবিন্দা শামারুখ খান এবং সবাইকে 'ওয়াক টু সেরনিটি'র লক্ষ্য সম্পর্কে অবহিত করেন। প্যানেল আলোচনার শুরুতে অংশ নেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ড. হেলালউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমাদের শিশু-কিশোরদের আমরা এত বেশি নেগেটিভ কথা বলি, দেশকে নিয়ে, সমাজকে নিয়ে, সবকিছু নিয়ে যে তারা ভালো কিছু ভাবতে শেখে না। তারা দেশের প্রতি, নিজের সমাজের প্রতি এক ধরনের অশ্রদ্ধা, এক ধরনের শূন্যতা নিয়ে বেড়ে ওঠে।'

আলোচনায় আরও যোগ দেন বাংলাদেশের প্রথম এন্টি সুইসাইড হেল্পলাইন ‘কান পেতে রই’-এর রুবিনা জাহান, মনোবিদ মেখলা সরকার, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনয় শিল্পী ভাবনা, রুহী, মৌটুসী বিশ্বাস।

এ ছাড়াও বাংলাদেশে মানসিক স্বাস্থ্য বিষয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা সংস্থার প্রতিনিধি, সমাজের বিভিন্ন পেশার মানসিক স্বাস্থ্য বিষয়ে আগ্রহী ও উদ্যোগী মানুষ, এবং মিডিয়া ব্যক্তিত্ব এ আয়োজনে যোগ দেন।

‘ওয়াক টু সেরিনিটি’র আহবায়ক মো. আরিফুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, 'আমরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে আসিনি, এসেছি সবাইকে নিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত সামাজিক সংস্কারগুলো ভাঙতে। মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো সমাধানে একযোগে কাজ করতে। সে লক্ষ্যে এমন একটি বৃহৎ গোষ্ঠী তৈরি করতে চাই যার মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পরিপ্রেক্ষিতে মানসিক স্বাস্থ্য সমস্যার গুরুত্বকে বুঝতে পারব এবং এই গুরুতর সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারব।' সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×