হাজারীবাগে 'কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে' খুন সেই তরুণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২০ জুলাই ২০২২ | ০০:১১
রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাত ও পিটুনিতে নিহত তরুণের পরিচয় মিলেছে। আব্দুল হক হৃদয় (১৮) নামের ওই তরুণ কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে হৃদয়ের পরিবার বলছে, সে বাবার সঙ্গে টাইলসের কাজ করত। কোনোভাবেই কিশোর গ্যাংয়ে জড়িত নয়। সোমবার সন্ধ্যার পর তাকে শংকরের বটতলার বাসা থেকে কেউ ফোনে ডেকে নিয়েছিল।
রাতে শংকরের স্কুল গলির সড়কে রক্তাক্ত অবস্থায় ওই তরুণ পড়ে ছিল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গভীর রাতে স্বজনরা পরিচয় শনাক্ত করে।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, কয়েক দিন আগে শংকর খেলার মাঠে দুই দল কিশোরের মধ্যে ঝামেলা হয়। নিহত হৃদয় একটি দলের বড় ভাই হিসেবে প্রতিপক্ষ দলের কিশোরদের শাসন করেছিল। এর জেরে প্রতিপক্ষ গ্রুপটি সোমবার রাতে তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। তখন হৃদয় ও তার পক্ষের সদস্যরা প্রতিরোধ করে। একপর্যায়ে হৃদয় রামদা নিয়ে প্রতিপক্ষ গ্রুপকে ধাওয়া দেয়। ওই সময় স্কুল গলির রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর মধ্যে হৃদয় রামদা দিয়ে কুপিয়ে মো. বাপ্পি নামের এক কিশোরকে আহত করে। পরে কয়েকজন হৃদয়কে মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়।
হাজারীবাগ থানার ওসি মো. মোক্তারুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ ও তদন্তে বেশকিছু তথ্য মিলেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- কিশোর গ্যাং
- হাজারীবাগ
