পাপিয়ার ফোনে আপত্তিকর ভিডিও ক্লিপ
শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াকে গ্রেপ্তার করে র্যাব। ছবি: সংগৃহীত
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ১২:৪৭
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামী শহর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মফিজুর রহমান চৌধুরী সুমন ওরফে মতি সুমনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে নেপথ্যের নানা কাহিনি।
কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, পাপিয়ার মোবাইল ফোনে আপত্তিকর কিছু ভিডিও ক্লিপ পাওয়া গেছে। এই ক্লিপগুলো যে কোনো নারীর জন্য অমর্যাদাকর।
তিনি আরও জানান, পাপিয়ার আয়ের একটি উৎস হচ্ছে নারীদের দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো। তারা ঢাকার বিভিন্ন বিলাসবহুল হোটেলে কম বয়সী মেয়েদের অসামাজিক কাজ করাতে বাধ্য করত। এদের অনেককে নরসিংদী থেকে চাকরি দেওয়াসহ নানা প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। অনৈতিক কাজে বাধ্য না হলে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
পাপিয়ার সঙ্গে বিশিষ্টজনের ছবির বিষয়ে জানতে চাইলে র্যাব-১-এর অধিনায়ক বলেন, বর্তমান সময়ে কেউ কারও সঙ্গে ছবি তুলতে চাইলে বিষয়টি সাধারণত এড়ানো যায় না। তাই কারও সঙ্গে ছবি থাকলেই এটা প্রমাণ হয় না যে, তার সঙ্গে পাপিয়ার সখ্য রয়েছে।
সম্প্রতি পাপিয়ার ব্যাপারে অনেক অভিযোগ পায় র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যাপারে অনুসন্ধান শুরু করে র্যাবের একটি দল। বিষয়টি আঁচ করতে পেরে গত শনিবার সকালে তড়িঘড়ি করে দেশত্যাগের চেষ্টা চালান পাপিয়া। তবে শেষ রক্ষা হয়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার পাপিয়া, তার স্বামী ও তাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব-১। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি পাঁচতারকা হোটেল থেকে চার নারীকে আটক করা হয়।
এদিকে রোববার শামীমা নূর পাপিয়ার রাজধানীর ফার্মগেটের বাসায় অভিযান চালানো হয়েছে। বাসা থেকে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন, গুলি, বিদেশি মদ ও বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১ (র্যাব)-এর একটি দল।
নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়াকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
- বিষয় :
- পাপিয়া
- যুবলীগ
- নরসিংদী
- শামিমা নূর পাপিয়া
