তাজিয়া মিছিল থেকে যুবককে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ৪
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন– মো. রাশেদ (২০) ও তিনজন শিশু। গতকাল শনিবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘শুক্রবার বিকেলে রশি ধরাকে কেন্দ্র করে যুবক জাকির হোসেনের সঙ্গে হামলারকারীদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হামলাকারীরা জাকিরকে ধাওয়া করলে আত্মরক্ষার্থে তিনি পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নেন। সেখানে তাঁকে কুপিয়ে হত্যা
করা হয়।’
আশুরার দিন বিকেল ৪টায় সূত্রাপুরের বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর থেকে চকবাজার-লালবাগ হয়ে ধানমন্ডির উদ্দেশে রওনা করে। মিছিলটি সোয়া ৫টায় বাংলাবাজার অতিক্রম করার সময় পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায়
কিছু উচ্ছৃঙ্খল যুবক জাকিরকে মারধর ও ছুরিকাঘাত করে। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে
নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিহত জাকির প্রথমে অজ্ঞাত ছিলেন। পরে তাঁর পরিচয় মেলে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তাঁর বাসা লালবাগে।
পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন।
- বিষয় :
- গ্রেপ্তার
