ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

পুরান ঢাকায় দুস্থদের পাশে দক্ষিণ যুবলীগ, খাদ্যসামগ্রী বিতরণ

পুরান ঢাকায় দুস্থদের পাশে দক্ষিণ যুবলীগ, খাদ্যসামগ্রী বিতরণ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০ | ০৩:৪৫

করোনাভাইরাসের সংক্রামণ রোধে চলমান বন্ধের মধ্যে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। সংগঠনটির এই ইউনিটের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে ৪০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে আর্ত মানবতার পাশে দাঁড়িয়েছে যুবলীগ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী তিনি দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে দিনমজুর, দুস্থ, নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান।

যুবলীগের নেতারা জানিয়েছেন, বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজসহ শুকনো খাবার রয়েছে। এ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াস ও সাবান বিতরণ করা হয়েছে। 

সূত্রাপুর থানাধীন ৪২, ৪৩ ও ৪৪ নং ওয়ার্ডে ৩০০ দরিদ্র পরিবার ছাড়াও বাহাদুরশাহ পার্ক এলাকায় থাকা ১০০ রিকশা চালকের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন

×