ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

গাবতলীতে প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট, তল্লাশি

গাবতলীতে প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট, তল্লাশি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৩:১৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে জরুরি সেবায় যুক্তদের ছাড়া কাউকে ঢাকায় প্রবেশ করতে বা ঢাকা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। এজন্য রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলীতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। 

সোমবার সকাল থেকে সেখানে কোনো গাড়ি প্রবেশ করতে দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের গন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

রাজধানীর দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি জানান, সকাল থেকে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢাকায় ঢুকতে এবং ঢাকা থেকে বের হতে দেওয়া হচ্ছে না। তবে জরুরি সেবা ও পণ্যবাহী ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে।

এর আগে রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে কোনো জরুরি প্রয়োজন ব্যতীত এককভাবে বা দলবদ্ধভাবে বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি সার্ভিস ব্যতীত সাধারণ জনগণকে ঢাকায় প্রবেশ অথবা ঢাকা ত্যাগ করতে দেওয়া হচ্ছে না।

পুলিশ সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনগণের ঘরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে- এ কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কাজে সহযোগিতা করার জন্য বাংলাদেশ পুলিশ দেশের সকল নাগরিক ও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছে।

আরও পড়ুন

×