ধানক্ষেতের কাদায় লুকিয়ে রাখা ছিল ১০১ ভরি স্বর্ণ
ছবি: সংগৃহীত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০২:২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের জন্য ধানক্ষেতের কাদায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে সকালে উপজেলার হাটখোলা সীমান্তের সালুয়া বিল এলাকা থেকে এক ব্যক্তিকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১০১ ভরি ৯ আনা ২ রতি বা ১ কেজি ১৮৫ গ্রাম। এর মূল্য দুই কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।
আটক মামুনুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ক্যামোপর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ও হাটখোলা বিওপির নিয়মিত দল সীমান্ত এলাকায় অভিযান শুরু করে। এ সময় মামুনুর রশীদকে সীমান্তঘেঁষে ধানক্ষেতে কাজ করতে দেখেন তারা। বিজিবি সদস্যরা তাঁর শরীর তল্লাশি করতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাঁকে আটকের পর জিজ্ঞাসাবাদে মামুন স্বর্ণের বার বহনের কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ধানক্ষেতের কাদায় পলিথিন মুড়িয়ে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়েছে। এর অংশ হিসেবে গতকালের অভিযান পরিচালিত হয়। উদ্ধার স্বর্ণ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- জয়পুরহাট
- স্বর্ণবার চোরাচালান
- বিজিবি
