পুরান ঢাকায় করোনায় মৃত সন্দেহে বাড়িতেই পড়ে আছে লাশ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ১৩:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে উত্তম ধর (৫৫) নামে এক ব্যক্তির লাশ দিনভর তার বাড়িতেই পড়ে আছে। সোমবার দুপুরে তার মৃত্যুর পর মধ্যরাত পর্যন্ত এ ব্যাপারে কোনো সুরাহা হয়নি। এর তিনদিন আগে তার স্ত্রী কল্পনা ধরের মৃত্যু হয়। এ দিকে উত্তমের ভাইয়ের স্ত্রী করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
কোতয়ালী থানার ওসি মিজানুর রহমান জানান, করোনা সন্দেহে মৃত্যুর খবর পেয়ে বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআরসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে আপাতত বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাঁখারী বাজারের ৪৭/১ নম্বর বাড়ির তৃতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন উত্তম। দুপুরে সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে তার স্ত্রীর মৃত্যুর পর স্বজনরা দাবি করেছিলেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তবে উত্তমের ভাইয়ের স্ত্রী মীরা ধর করোনাআক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এবং তার ছেলে জনি কোয়ারেন্টাইনে থাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। তাই তারা প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন। কারণ করোনায় মৃত্যু হয়ে থাকলে তাদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে নিয়ে করোনা পরীক্ষা এবং এলাকা লকডাউন করা দরকার।
তবে মধ্যরাত পর্যন্ত পুলিশ ছাড়া অন্য কোনো সংস্থার কোনো প্রতিনিধি সেখানে না যাওয়ায় উত্তমের লাশ ওখানেই পড়ে আছে।
