বাংলাদেশকে পিপিই ও মাস্ক দিয়েছে ইয়াংওয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০ | ০৭:০৮ | আপডেট: ১৬ এপ্রিল ২০২০ | ০৮:০৭
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই), সার্জিক্যাল মাস্ক ও বেসিক ফেস শিল্ড উপহার দিল বিশ্বখ্যাত কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন। কোম্পানিটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সাঙের ব্যক্তিগত উদ্যোগে বুধবার বিশেষ ব্যবস্থাপনায় উপহারের প্রথম চালান সরকারের কাছে হস্তান্তর করা হয়ে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানীর মহাখালীর নিজ কার্যালয়ে এসব সরঞ্জাম গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। কোম্পানির পক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন ইয়াংওয়ান করপোরেশনের গ্লোবাল ম্যানুফ্যাকচারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সব্যসাচী চৌধুরী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোম্পানির পক্ষ থেকে করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যসেবা সরবরাহকারী ও সংশ্লিষ্ট সরকারি এজেন্সির সদস্যদের জন্য ২৫ হাজার পিপিই, ২৫ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ২৫ হাজার বেসিক ফেস শিল্ড দেওয়া হবে। চাহিদার কথা বিবেচনা করে প্রাথমিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ১৫ হাজার পিপিই, ২৫ হাজার মাস্ক এবং ১ হাজার ১৫০ পিস বেসিক ফেস শিল্ড হস্তান্তর করা হয়েছে। বাকি সরঞ্জাম ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ জোনে ইয়াংওয়ান হাই-টেক স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তৈরি হচ্ছে। সরবরাহ করা পিপিই ও ফেস মাস্ক তৈরিতে ব্যবহৃত কাপড় ঢাকা ইপিজেড ও চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ইয়াংওয়ান কর্পোরেশনের টেক্সটাইল কারখানায় উৎপাদিত।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের হাতে পিপিইসহ অন্যান্য সরঞ্জাম হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহজাহান, ইয়াংওয়ান করপোরেশনের ম্যাটেরিয়াল ডিভিশনের ম্যানেজিং ডিরেক্টর ইয়ামিন ফারুক ও এইচআরএমের প্রধান শিবলি আজম প্রমুখ।
