সংবাদপত্র হকার্স সমিতির সুপারভাইজার-বিতরণকারীদের সঙ্গে সমকালের মতবিনিময়
রোববার রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনের দোতলায় ব্যাঙ্কুয়েট হলে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ২০:৩৫ | আপডেট: ১৯ মে ২০২৪ | ২৩:১৩
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি এবং সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমবায় সমিতির সুপারভাইজার-বিতরণকারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সমকাল। রোববার রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনের দোতলায় ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত সভায় সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, প্রকাশক আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা সম্পাদক মো. শরীফুল ইসলাম, উপসম্পাদক মাহবুব আজীজ, সহযোগী সম্পাদক ও প্রধান প্রতিবেদক লোটন একরাম, পরিকল্পনা সম্পাদক ফারুক ওয়াসিফ ও বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমকালের সহযোগী সম্পাদক জাকির হোসেন, সহযোগী সম্পাদক শেখ রোকন, বার্তা সম্পাদক গৌতম মণ্ডল, জিএম (মার্কেটিং) ফরিদুল ইসলাম ও মফস্বল সম্পাদক মনিরুল ইসলাম।
সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, আগে পত্রিকা কেনাটা সম্মান-মর্যাদার বিষয় ছিল, সেই জায়গাটি আর নেই। এখন আসলে সংগঠিত পাঠক দরকার। প্রয়োজনে বাড়ি বাড়ি যেতে হবে, পাঠক তৈরি করতে হবে। সংঘবদ্ধ পাঠক দরকার। তরুণদের মধ্যে, নারীদের মধ্যে, শিশুদের মধ্যে পাঠক তৈরি করা জরুরি। সমিতির সুপারভাইজারদের ব্যাংক-বিমা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে পাঠকসংখ্যা বাড়ানোর পরামর্শের প্রেক্ষিতে আবু সাঈদ খান বলেন, এটি অনেকদিন বন্ধ ছিল। আমরা আবার সেটি শুরু করব।
আবু সাঈদ খান বলেন, সমকাল ঘুরে দাঁড়িয়েছে। সমকাল কাউকে পরোয়া করে না। সমকাল যা দেখবে, তাই লিখবে। যেখানে দুর্নীতি, যেখানে অনিয়ম, যেখানে অসঙ্গতি দেখবে- সমকাল তা নির্দিধায় তুলে ধরবে। আমাদের কোনো দলের সঙ্গে শত্রুতা নেই। আওয়ামী লীগের সঙ্গে নয়, বিএনপির সঙ্গেও নয়। যে দলের মধ্যে অপকর্ম থাকবে, সমকাল সেটি তুলে ধরবে। সরকারে রয়েছে আওয়ামী লীগ, যারা ক্ষমতায় থাকবে দুর্নীতি তারাই করে। সরকারের ভালো কাজের প্রশংসা করতে আমাদের দ্বিধা নেই, কিন্তু দুর্নীতি অন্যায় খারাপ কাজ আমরা নির্দিধায় তুলে ধরব।

ব্যবস্থাপনা সম্পাদক মো. শরীফুল ইসলাম তার বক্তৃতায় বলেন, সমকাল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। সাদাকে সাদা, কালোকে কালো বলে সমকাল। সাংবাদিক, হকার ও পাঠকসহ যারা যারা পত্রিকাটির সঙ্গে যুক্ত সকলে মিলে আমরা একটি পরিবার। আপনাদের সহযোগিতায় সুখে-দু:খে সবাই একসঙ্গে থেকে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
উভয় সমবায় সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, বিশ্বব্যাপী করোনার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে সংবাদপত্র জগৎ। তবুও আজকের বাজারে শতশত পত্রিকা আছে, টিকে থাকা বেশ কঠিন। কিন্তু সমকালের অবস্থান আমি বলব ভালো, সমকালের গেটআপটা বেশ ভালো। আর যুগের চাহিদা হিসেবে অনলাইন বাদ দেওয়া সম্ভব নয়, অনলাইন থাকবেই।
উপস্থিত সুপারভাইজার-হকারদের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, আমরা হা-মীম গ্রুপের কর্ণধার এ. কে. আজাদ এমপি সাহেবকে ভালবাসি। সবাই তাকে আমরা কাছ থেকে চিনি-জানি। তার দিকে তাকিয়ে আপনারা চেষ্টা করলে সমকালের সার্কুলেশন আরও বাড়বে, সমকাল আরও এগিয়ে যাবে।

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এবং সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালাউদ্দিন নোমান এবং ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি এবিএম বেলাল হোসেন ও সেবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া ও প্রশ্ন-পরামর্শ উত্থাপন করেন সংবাদপত্র কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সুপারভাইজার মো. হুমায়ুন (নবাবপুর সেন্টার), মো. জিহাদী (রাজারবাগ), মো. মোস্তফা (মগবাজার) ও ইকবাল হোসেন (বসুন্ধরা) এবং ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সুপারভাইজার মো. খোরশেদ (মগবাজার সেন্টার), মো. নুর নবী (তেজগাঁও), ইউনুস মিয়া (মিরপুর-১), সোহেল মিয়া (কাঁচপুর), পারভেজ মিয়া (আজমপুর) ও মো. বাসার (রামপুরা)। সমকালের ব্যবস্থাপনা সম্পাদক মো. শরীফুল ইসলাম ও বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম সুপারভাইজারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সহকারী সম্পাদক ও হেড অব ইভেন্টস হাসান জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সমকালের জিএম (সার্কুলেশন) মো. হারুনুর রশিদ। এরপর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত নেতাদের এবং সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমবায় সমিতির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমকালের জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে সবাই এক প্রীতি মধ্যাহ্নভোজে অংশ নেন।
- বিষয় :
- সমকাল
- সংবাদপত্র হকার
- মতবিনিময় সভা
