ডেমরায় হেলে পড়েছে ছয় তলা ভবন
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫ | ০১:১৯ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ | ০১:৫২
রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনের একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। তবে কোনো হতাহত বা দুর্ঘটনা ঘটেনি। গতকাল রোববার বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত থেকে ওই ভবনের বাসিন্দাদের যাওয়ার অনুরোধ জানান।
স্থানীয় সূত্র জানায়, ছয়তলা ভবনটি পাশের সাততলা আরেকটি ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে হেলে পড়া ভবন দেখতে উৎসুক জনতারা ভিড় করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উৎসুক জনতাদের ভবন থেকে নির্দিষ্ট দূরে অবস্থান করতে বারবার অনুরোধ জানান।
ডেমরা থানা সূত্র জানায়, হেলে পড়া ভবনটিতে থাকা লোকজন নিরাপদ স্থানে আছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ডেমরা হাজিনগর এলাকায় ছয়তলা একটি আবাসিক ভবন হেলে পড়ার খবর পাই। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে জানানো হয়েছে।
ডেমরা ফায়ার স্টেশনের পরিদর্শক শাহরিয়ার রহমান জানান, ঘটনাস্থলটি পড়েছে ডেমরার হাজীনগর এলাকায়। ভবনটির প্রতিটি তলায় লোকজন রয়েছেন। ভবনটি কবে হেলে পড়েছে, তা সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছে না। কেউ বলছেন শনিবার, কেউ বলছে এর আগে। তবে গতকাল বিকেল সাড়ে ৪টাতেও গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন সচল ছিল।
ডেমরা থানার ওসি মাহমুদুর রহমান বলেন রাজউক, সিটি করপোরশেনর সহায়তায় ভবন থেকে লোকজনকে নামিয়ে আনা হয়েছে।
- বিষয় :
- ভবন হেলে পড়া
