ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষায় ১০ দাবি প্রাক্তন শিক্ষার্থীদের
পদক্ষেপ না নিলে বৃহস্পতিবার মানববন্ধন
রোববার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের’ ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ১০:৩৪
ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষা এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রাক্তন শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেছেন তারা। এ জন্য সরকারকে চার দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার কথা জানিয়েছেন তারা।
রোববার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের’ ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরফত আলী।
১০ দফা দাবির মধ্যে রয়েছে– যে কোনো মূল্যে দেশের প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের ইতিহাস-ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ; কলেজের অবকাঠামোসহ এক ইঞ্চি জমিও অন্য কোনো প্রতিষ্ঠানের নামে লিখে না দেওয়া; বেসরকারি বিশ্ববিদ্যালয় বা ব্যক্তিস্বার্থে ও বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা-সংকোচনমূলক কোনো সিদ্ধান্ত না নেওয়া; অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ফেডারেল বা অন্য কোনো মডেল অনুসরণে একটি নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয় (ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠা করা যেতে পারে, যেখানে ঢাকা কলেজসহ সাতটি সরকারি কলেজের স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রেখে প্রতিযোগিতামূলক শিক্ষা কার্যক্রম চালানো; উচ্চশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সিলেবাস সম্পন্ন, যথাসময়ে পরীক্ষা গ্রহণ ও দ্রুততম সময়ে ফল প্রকাশ; শিক্ষাজীবন সেশনজটমুক্ত করা; শিক্ষক-ছাত্র অনুপাত যৌক্তিক করার জন্য দ্রুত শিক্ষক সংখ্যা বৃদ্ধি; শিক্ষার বৈষম্য নিরসনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুরূপ বিভাগপ্রতি ২০-৩৫ জন শিক্ষক বা প্রয়োজনী সহায়ক কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ বা পদায়ন।
দাবির মধ্যে আরও রয়েছে– শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষাবিদ সকলের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ; প্রায় ১ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন এবং শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে হাইব্রিড শিক্ষা বা কোনো অপ্রচলিত শিক্ষা কাঠামোর পরীক্ষা-নিরীক্ষা উপকরণে প্রণয়ন করা যাবে না; কোনো অবস্থাতেই সমাজের নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বন্ধ বা সীমিত করা যাবে না; শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, আবাসন সুবিধা বৃদ্ধি, খাবারের ভর্তুকি ও শিক্ষাঋণ দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, হারুনুর রশিদ হারুন, সাবেক জিএস জাকির হোসেন, সাবেক জিএস এস এ এইচ এম জাভেদ।
এদিকে ইন্টারমিডিয়েট বা এইচএসসি বহাল ও ঢাকা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে গতকাল সকাল ১০টা থেকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে দাবি জানিয়ে সাড়ে ১০টায় সড়ক ছেড়ে চলে যান তারা।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষায় আমাদের আন্দোলন। যে খসড়া (সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়) প্রকাশ হয়েছে, সেটা আমরা দেখেছি; পর্যালোচনা করেছি। ঢাকা কলেজের ১৮৪ বছরের ইতিহাস। সেই ইতিহাসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি; আইনজীবীদের সঙ্গে কথা বলেছি।
