এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন
অনশনে শিক্ষকরা, কাল যমুনা অভিমুখে পদযাত্রার চিন্তা
দুই দাবির বিষয়ে কথাই বলছে না সরকার: অধ্যক্ষ দেলোয়ার হোসেন
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে গতকাল শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে- সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০৮:২৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ০৯:৪৩
| প্রিন্ট সংস্করণ
বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) করাসহ তিন দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। তারা জানিয়েছেন, আগামীকাল রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করার চিন্তা রয়েছে তাদের।
গত ৫ অক্টোবর শিক্ষকদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িয়ে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত রোববার থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা। তাদের অন্য দুই দাবি হলো– শিক্ষক ও কর্মচারীদের জন্য এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব-ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। পরে তারা শহীদ মিনারে অবস্থান নেন।
বুধবার শাহবাগ মোড় আড়াই ঘণ্টা অবরোধ করেন তারা। সেখান থেকেই যমুনা অভিমুখে পদযাত্রা ঘোষণা হয়েছিল। তবে বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের আগে এটি স্থগিত করা হয়। সেই বৈঠকে ফলপ্রসূ সমাধান আসেনি। শিক্ষা উপদেষ্টা ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব জানান। শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দাবি আদায়ে আমরণ
অনশনের পাশাপাশি সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের টানা আন্দোলনের ষষ্ঠ দিন ছিল গতকাল। জুমার নামাজের পর শতাধিক শিক্ষক-কর্মচারী শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। তবে নির্দিষ্টভাবে কাউকে অনশনে দেখা যায়নি। আশপাশে বিচ্ছিন্নভাবে শিক্ষক-কর্মচারীদের দেখা যায়। এর আগে সকাল থেকে তারা জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি সমাবেশ করেন। জুমার নামাজের পর বৃষ্টির মধ্যেই তারা শহীদ মিনারে অবস্থান নেন।
সেখানে আন্দোলনকারীদের কণ্ঠে শোনা যায়– ‘নেব না, নেব না, ৫০০ টাকা নেব না’, ‘যাব না, যাব না, বাড়ি ফিরে যাব না’, ‘২০ শতাংশ বাড়ি ভাড়া, দিতে হবে দিতে হবে’, ‘শিক্ষকদের সঙ্গে প্রহসন, মানি না মানি না’সহ বিভিন্ন স্লোগান।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল অনশন করার, তা আমরা শুরু করেছি। আমরা টিএসসিতে সমাবেশ করেছি। যমুনা অভিমুখে পদযাত্রা করার চিন্তা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকার আমাদের সঙ্গে তামাশা করছে। আমাদের দাবিগুলোর বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তারা তিনটি দাবির একটির চার ভাগের এক ভাগ মানতে চাইছে। অন্য দুটো দাবি নিয়ে কথাই বলছে না।’
- বিষয় :
- অনশন
