ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাম সংগঠনগুলোর মিছিলে পুলিশের বাধা, লাঠিপেটা

আহত ১৫, কয়েকজন হাসপাতালে

বাম সংগঠনগুলোর মিছিলে পুলিশের  বাধা, লাঠিপেটা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৩

| প্রিন্ট সংস্করণ

বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত লালদিয়া-পানগাঁও টার্মিনাল ইজারা চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে মিছিলটি রাজধানীর কাকরাইল মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তাদের লাঠিপেটা করে পুলিশ। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছিল। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন বাম জোট ও দলগুলোর নেতাকর্মীরা। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু হয়। পল্টন হয়ে দুপুর ১২টা ২০ মিনিটে মিছিলটি কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ এতে বাধা দেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ। পরে কাকরাইল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। 

এ ঘটনায় আহত কয়েকজন নেতাকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশি হামলায় সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কোষাধ্যক্ষ রুহুল আমিন, সীমা দত্ত, আলমগীর হোসেন, দীপক শীল, শবনম হাফিজ, সুস্মিতা মরিয়ম, সোহাইল আহমেদ শুভ, মাহবুব হোসেন, বাবু, সজিব, অন্তু, জহর লাল দত্তসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ। যারা কর্মসূচি দিয়েছেন, তাদের সঙ্গে বিষয়টি নিয়ে দফায় দফায় কথা হয়েছে। তারপরও তারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এটিকে সেই অর্থে ‘লাঠিপেটা’ বলা যাবে না। 

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশ হয়। 
নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগত স্থানে বিদেশি কোম্পানিকে বন্দর নির্মাণ ও পরিচালনার জন্য ইজারা দেওয়া দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এই ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে রাজপথে নেমে আসতে হবে। 

আরও পড়ুন

×