গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযানে কর্মকর্তাদের ওপর হামলা
মার্কেটের বেজমেন্টে চলছে দোকান নির্মাণ। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ২০:৪১
রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেজমেন্টে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে হামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে গেলে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া সুপার মার্কেট ২ এর ব্লক-‘এ’ (নগর প্লাজা), ‘বি’ (সিটি প্লাজা), ‘সি’ (জাকের প্লাজা) বেজমেন্টে দীর্ঘদিন ধরে দোকান নির্মাণের চেষ্টা করছিলেন মার্কেট সমিতির নেতারা। এর আগে গত ২৭ অক্টোবরও করপোরেশনের কর্মকর্তারা দোকান তৈরিতে বাধা দিলে সে সময় নির্মাণকাজ বন্ধ রাখা হয়। পরে চলতি সপ্তাহে ফের দোকান নির্মাণ শুরু করে মার্কেট সমিতি।
গত সোমবার দোকান নির্মাণ বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ করে পার্কিংয়ের বিষয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিলগালা করতে করপোরেশনের সম্পত্তি বিভাগ দায়িত্ব দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে।
মার্কেট সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মার্কেটের বেজমেন্টে গেলে মার্কেট সমিতির নেতা ও দোকানদাররা মিলে উচ্ছেদে বাধা দেয়। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চেয়ার ছুড়ে মারা হয়। এই পরিস্থিতিতে তারা মার্কেটের তিনটি ব্লকের বেজমেন্টে তালা ও সিলগালা করে ঘটনাস্থল থেকে চলে আসেন। তবে দুপুর ১টার দিকে ব্লক ‘সি’ সিটি প্লাজার প্রবেশপথ খোলা দেখা গেছে।
এ ব্যাপারে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান সমকালকে বলেন, মার্কেটের কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলোও করা হবে। আপাতত তিনটি মার্কেটের বেজমেন্টের প্রবেশমুখে তালা দেওয়া হয়েছে।
