ওসমান হাদি হত্যার বিচার দাবি
নতুন কর্মসূচি দিয়ে ৪ দিন পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
আজ অনলাইনে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ কর্মসূচি
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গতকালও রাজধানীর শাহবাগ অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৮:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক মাধ্যমে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ প্রচার কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এরপর আন্দোলনকারীরা শাহবাগ মোড় থেকে সরে যান।
আন্দোলনকারীদের উদ্দেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, “মঙ্গলবার রাত ১২টা থেকে আপনারা নিজেরা, আপনাদের সন্তানরা এবং যত মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সবাই আমাদের এই কালচারাল আইকনকে স্বীকৃতি দেওয়ার জন্য ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে ডকুমেন্টারি ভিডিওগ্রাফি, আবৃত্তি ও সব ধরনের ডিজিটাল কনটেন্ট তৈরি করবেন। আমরা চাই, পুরো সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এবং জনতার কাছে একটাই নাম থাকবে– শহীদ হাদি। এই অনলাইন প্রচারণার পরদিন আমরা আবার ফিরে আসব। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বসিনি।”
নতুন কর্মসূচির অংশ হিসেবে ওসমান হাদির বক্তব্য, কর্ম ও চিন্তা নিয়ে বিশ্লেষণমূলক লেখা, ভিডিও, ডকুমেন্টারি প্রচারের আহ্বান জানান তিনি।
জাবের বলেন, ‘শুধু মঙ্গলবারের জন্য আমাদের প্রোগ্রাম অনলাইনে হবে।’
ওসমান হাদি হত্যার বিচার ২৪ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করাসহ চার দফা দাবিতে গতকাল দুপুর সোয়া ২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এর আগে শুক্রবার থেকে খুনিদের বিচার দাবিতে প্রতিদিন শাহবাগ মোড় অবরোধ করছিল সংগঠনটি। এ কর্মসূচির কারণে দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মৎস্য ভবন, কাঁটাবন, বাংলামটর এলাকায় বিকেল থেকে যানজট লক্ষ্য করা যায়। এতে দুর্ভোগে পড়েন অফিসফেরত যাত্রীরা।
‘সিমপ্যাথির রাজনীতি করবে না ইনকিলাব মঞ্চ’
গতকাল অবস্থান কর্মসূচিতে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জাবের বলেন, ‘ওসমান হাদির মতো যোগ্যতা ও রাজনৈতিক মানসিকতা তৈরি না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচনে প্রার্থী হবেন না।’ তিনি স্মরণ করিয়ে দেন, ওসমান হাদি ইনকিলাব মঞ্চের প্রতিনিধি হিসেবে না, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। ইনকিলাব মঞ্চের কয়েক সদস্য কেবল তাঁর পক্ষে অবস্থান নিয়েছিলেন।
আইন উপদেষ্টার সমালোচনা করে জাবের বলেন, ‘রোববারও (২৮ ডিসেম্বর) আমরা দেখেছি, জুলাইয়ের আসামিদের জামিন দেওয়া হয়েছে। মাননীয় আইন উপদেষ্টা, আপনার কাছে জানতে চাই, আপনি কোনোভাবে দায় এড়াতে পারেন না। আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। আপনারা দায় এড়াতে পারেন না।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় রিকশায় যাওয়ার সময় তাঁকে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
যুবক আটক
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি থেকে খেলনা পিস্তলসহ আরাফাত জামান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ৮টার দিকে তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, তারা অবরোধ কর্মসূচিতে আসা ওই যুবকের পকেটে পিস্তল দেখে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আছাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বলেছেন, এই খেলনা পিস্তল দিয়ে তিনি লক্ষ্য ঠিক করার অনুশীলন করেন।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, আরাফাতকে জিজ্ঞাসাবাদ চলছে। যে পিস্তলটি পাওয়া গেছে, তা খেলনা। আরাফাত ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা।
বিশেষ কৌঁসুলি উপদেষ্টা নিয়োগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সহায়তার জন্য জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজীকে বিশেষ কৌঁসুলি উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে মারা যান। পল্টন থানায় হত্যা মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মামলার তদন্তে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তার প্রয়োজনীয় আইনগত পরামর্শ ও সহায়তা প্রদান এবং বিচারকালে আদালতে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য সরকারি আদেশে এহসানুল হক সমাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তাঁর এই নিয়োগ অ্যাটর্নি জেনারেলের সমপর্যায়ের মর্যাদা বহন করবে। তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার সমান সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
- বিষয় :
- ওসমান হাদি
- হত্যা
- বিচার ব্যবস্থা
