শহীদ মিনারে অমর একুশের অনুষ্ঠানমালা
গান-নৃত্য-কবিতায় ভাষাশহীদদের স্মরণ
অনুষ্ঠানে সাংস্কৃতিক দল ও শিল্পীরা দলীয় এবং একক সংগীত পরিবেশন করেন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে স্পন্দন নামে একটি দল। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৫৫
| প্রিন্ট সংস্করণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠানে পরিষদভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক দল ও শিল্পীরা দলীয় এবং একক সংগীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পীরা।
ক্রান্তি শিল্পীগোষ্ঠী পরিবেশন করে গান ‘মোদের গরব মোদের আশা’ ও ‘আবার এসেছে ফিরে’। ঋষিজ শিল্পীগোষ্ঠী গেয়ে শোনায় ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’ ও ‘আমার প্রতিবাদের ভাষা’। বহ্নিশিখা পরিবেশন করে ‘আয়রে চাষি মজুর কুলি’ ও ‘মায়ের ভাষা প্রাণের ভাষা’।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গেয়ে শোনায় ‘ভুলব না সেই একুশে ফেব্রুয়ারি’ ও ‘রক্ত শিমুল তপ্ত পলাশ দিলো ডাক’। সুরতাল একাডেমি পরিবেশন করে ‘আবার একুশে এলো’ ও ‘সোনা সোনা সোনা লোকে বলে সোনা’। সমম্বর পরিবেশন করে ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ ও ‘আমার দেশের মতন এমন’।
একক সংগীত পরিবেশন করেন সমর বড়ুয়া, প্রলয় সাহা, পল্লব গমেজ, আবিদা রহমান সেতু, এসএম মেজবা, শ্রাবণী গুহ রায়, অমিত হিমেল, সুরাইয়া পারভিন ও তাহমিনা আক্তার মুক্তি। একক আবৃত্তি করেন ইকবাল খোরশেদ জাফর এবং নায়লা তারাননুম চৌধুরী কাকলি। এ ছাড়া দলীয় নৃত্য পরিবেশন করা হয়, পরিচালনায় ছিলেন অনিক বসু।
পরে ‘একুশ মানে মাথা নত না করা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট এবং সহসভাপতি ফকির সিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবিদা রহমান সেতু ও মাহফুজা আক্তার মিরা।
- বিষয় :
- শহীদ মিনার
