ওসমান হাদি হত্যা
ভারতে গ্রেপ্তার ২ আসামিকে দেশে এনে ফাঁসির দাবিতে মানববন্ধন
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ১৭:৫০ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১৭:৫১
ভারতে গ্রেপ্তারকৃত শহীদ শরীফ ওসমান হাদি হত্যার মূল আসামিদের দেশে ফেরত এনে তাদের জবানবন্দি মোতাবেক পুনঃতদন্ত করে মাস্টার মাইন্ড ও খুনিদের ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ ফোরাম সংগঠন নেতারা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও ইকবাল হাসান স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এনসিবি’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর, সাবেক ছাত্রনেতা ভিপি মাসুম, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা, বিএনজিপির চেয়ারম্যান নাসির উদ্দিন মৃধা, শহীদুন্নবী ডাবলু প্রমুখ।
কাজী ছাব্বীর বলেন, হাদি হত্যার মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে দ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তাদের জবানবন্দি মিডিয়ায় প্রকাশ্যে প্রচার করে দেশবাসীকে জানিয়ে জবানবন্দি মোতাবেক পুনরায় মামলার তদন্ত করে প্রকৃত পরিকল্পনাকারীদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ সাইদুর রহমান বলেন, হাদি হত্যাকাণ্ডে পরিকল্পনাকারী, অর্থ জোগানদাতাদের খুঁজে বের করে এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ঝুমাকেসহ প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে তাদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে ফাঁসির দাবি জানান।
- বিষয় :
- ভারত
- ওসমান হাদি
