শহীদ মিনারে গণসংগীত, নৃত্য আবৃত্তিতে মুগ্ধ দর্শক-শ্রোতা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে গণসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | ০৮:৪৬
| প্রিন্ট সংস্করণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হলো গণসংগীত, আবৃত্তি ও নৃত্যের সমবেত পরিবেশনায়। স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন সংগঠনটির সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান। আয়োজনের শুরুতেই সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন গণসংগীত সমন্বয় পরিষদের সহসভাপতি গণসংগীতশিল্পী ফকির সিরাজ, সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ। বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে গণসংগীতের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবিল রেজা ও মাহফুজা আক্তার মিরা।
এরপর শুরু হয় গণসংগীত পরিবেশনা। সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন দল একে একে মঞ্চে স্বাধীনতার গান পরিবেশন করে। ঋষিজ শিল্পীগোষ্ঠী গেয়ে শোনায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ ও ‘নোঙর তোলো তোলো’। ক্রান্তি শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ‘তোলো তোলো আজ মুক্ত পতাকা’ ও ‘নতুন দিনের নতুন’। বহ্নিশিখা পরিবেশন করে ‘সোনা সোনা লোকে বলে সোনা’ ও ‘রক্তেই যদি ফোটে’।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গেয়ে শোনায় ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে’ ও ‘চাষাদের মুটেদের মজুরের’। আনন্দন পরিবেশন করে ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’। উঠোন পরিবেশন করে ‘ধনধান্য পুষ্প ভরা’ এবং ‘আজ যত যুদ্ধবাজ’। এছাড়া গণসংগীত পরিবেশন করে গানের দল সুরতাল, সমস্বর, ভিন্নধারা, সুরনন্দন ও দৃষ্টি।
গণসংগীতের পাশাপাশি ছিল নৃত্য পরিবেশনা। দলীয় নৃত্যে অংশ নেয় স্পন্দন ও ধৃতি নর্তনালয়। একক সংগীতে কণ্ঠ দেন অলোক দাশগুপ্ত, অমিত হিমেল, এস এম মেজবাহ, ফয়জুল বারী ইমু ও আবিদা রহমান সেতু।
একক আবৃত্তিতে অংশ নেন মো. রফিকুল ইসলাম, নায়লা তারাননুম চৌধুরী কাকলি, সাফিয়া খন্দকার রেখা ও সৈয়দ ফয়সল আহমেদ। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। মৈত্রী শিশু দলের পরিবেশনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।
- বিষয় :
- শহীদ মিনার
