ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গান, কবিতা ও স্মৃতিচারণে সত্যেন সেনকে স্মরণ

গান, কবিতা ও স্মৃতিচারণে  সত্যেন সেনকে স্মরণ
×

উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, সাংবাদিক-সাহিত্যিক ও শিল্পী সত্যেন সেনের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডের সত্যেন সেন চত্বরে কথা, গান, কবিতা অনুষ্ঠানের আয়োজন করা হয় সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

গান, কবিতা ও স্মৃতিচারণে স্মরণ করা হলো দেশের অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, সাংবাদিক-সাহিত্যিক ও শিল্পী সত্যেন সেনকে। শনিবার বিকেলে প্রখ্যাত এই শিল্পীর ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে উদীচীর দুই অংশই আলাদাভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে। 

রাজধানীর তোপখানা রোডের সত্যেন সেন চত্বরে উদীচীর একাংশ আয়োজন করে কথা, গান, কবিতা ও স্মৃতি তর্পণের। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজন্ম বিপ্লবী সত্যেন সেন সারাজীবন মানুষের মুক্তির জন্য লড়াই করে গেছেন। গান, প্রবন্ধ, গল্প ও উপন্যাস রচনার পাশাপাশি মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য সারাদেশ ছুটে বেড়িয়েছেন তিনি। মানুষের কাছাকাছি গিয়ে তাদের দুঃখ-দুর্দশা কাছ থেকে দেখেছেন। মানুষকে মুক্তির মিছিলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। 
সত্যেন সেন রচিত এবং যুদ্ধবিরোধী দুটি দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে আলোচনা পর্বে সত্যেন সেনের জীবনী পাঠ করেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য একরাম হোসেন। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সদস্য কামাল হোসেন বাদল। 

বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে লড়াই করেছে। কিন্তু শত শত মানুষের জীবনের বিনিময়ে অর্জিত সেই বিজয়কে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় মেতে উঠেছে একটি অপশক্তি। দেশকে অস্থিতিশীল করে তোলা থেকে শুরু করে দেশের প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছে তারা। তার অংশ হিসেবে উদীচী কার্যালয় আগুন দিয়ে ভস্মীভূত করে দেয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। 
তারা বলেন, যতবার উদীচীর ওপর আঘাত এসেছে ততবার উদীচী দ্বিগুণ শক্তিতে শত্রুর মোকাবিলা করে সামনে এগিয়ে গিয়েছে। স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীসহ সকল অপশক্তির বিরুদ্ধে উদীচীর লড়াই জারি রয়েছে। 

আলোচনা শেষে একক সংগীত পরিবেশন করেন মায়েশা সুলতানা উর্বী ও মীর সাখাওয়াত হোসেন। কবিতা আবৃত্তি করেন সজীব তানভীর ও আব্দুল্লাহ আল নিশাত। দলীয় সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। সবশেষে ‘উদীচীর উঠান’ নামের ধারাবাহিক আয়োজনের উদ্বোধনী পর্বে গান পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী সায়ান। 
মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ষড়যন্ত্র রুখে দেওয়া হবে
একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে উদীচীর অপরাংশের আয়োজনে গান, কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে সত্যেন সেন রচিত ‘মানুষেরে ভালোবাসি এই মোর অপরাধ’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। 

এরপর উদীচীর এ অংশের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগের সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রবীর সরদার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, প্রদীপ ঘোষ, মুরশিকুল ইসলাম শিমুল, অর্ণব সরকার, শ্যামল বিশ্বাস, শাহীন ভুঁইয়া, মানবেন্দ্র দেব প্রমুখ। 
অনুষ্ঠানে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, বাহাত্তরের সংবিধান এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত বা খাটো করে দেখানোর সব ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও তাঁর দেখানো পথে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, শোষণহীন ও সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে আজীবন লড়াই-সংগ্রাম চালাতে হবে। যারা নানা যুক্তি বা কুযুক্তি ও নানা ষড়যন্ত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিতর্কিত বা খাটো করে দেখানোর অপচেষ্টা করছেন, তাদের সব ষড়যন্ত্র রুখে দেবে উদীচী। 
পরে উদীচীর শিল্পীদের দলীয় পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এতে একক সংগীত পরিবেশন করেন অরুণিমা আহমেদ প্রথমা ও অনপুম হালদার। একক আবৃত্তি পরিবেশন করেন শিখা সেনগুপ্তা ও সৈয়দা রত্না। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সৈয়দা অনন্যা রহমান।

আরও পড়ুন

×