‘বাদীই যখন আসামী’ বইয়ে তদন্ত প্রক্রিয়ায় নতুন দৃষ্টিভঙ্গি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ২২:১৮ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ২২:২৭
মামলার তদন্ত সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ও আইনগত নানা বিষয় নিয়ে প্রকাশিত হয়েছে নতুন বই ‘বাদীই যখন আসামী’। বইটির লেখক পুলিশ কর্মকর্তা মো. শাহজাহান হোসেন। তিনি বর্তমানে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসাবে কর্মরত।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ সময় অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশি তদন্তে নৈতিকতা ও সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করা খুবই জরুরি। তড়িঘড়ি করে তদন্ত শেষ করা সমীচীন নয়। সঠিক তদন্তের জন্য সময় দেওয়া প্রয়োজন।
ঢাকায় যানজটের বিষয়ে তিনি বলেন, যানজটের কারণে প্রতি বছর সরকারের ৫০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। প্রতিদিন ১৪০ কোটি টাকা। সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে এই আর্থিক ক্ষতি সাশ্রয় করা সম্ভব।
আদি প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে আলোচিত কয়েকটি মামলার উদাহরণ তুলে ধরা হয়েছে। এরমধ্যে রয়েছে বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলা, বরিশালের সাইফুল হত্যা ও চট্টগ্রামের মিতু হত্যা মামলা। এ ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ মামলার কথা রয়েছে। কোনো ক্ষেত্রে মামলার বাদী পরবর্তীতে আসামি হিসাবে শনাক্ত হলে তদন্ত কর্মকর্তাকে কী করা উচিত তা বিশ্লেষণ করা হয়েছে।
- বিষয় :
- ডিএমপি
