আদাবরে শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার
ছিনতাইকারী রুবেল ওরফে ‘পাংখা রুবেল’। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৩:৩২ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১৩:৫৬
রাজধানীর আদাবর এলাকা থেকে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী রুবেল ওরফে ‘পাংখা রুবেল’ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে আদাবর থানার এসআই কমল চন্দ্র ধর ফোর্স নিয়ে শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে।
এছাড়া তিনি শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত বলেও জানায় পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- রাজধানী
- ছিনতাইকারী
- গ্রেপ্তার
