ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কামরাঙ্গীরচর

বান্ধবীর সঙ্গে বেড়াতে যাওয়া কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ১৬ বছর পর গ্রেপ্তার সাইফুল

বান্ধবীর সঙ্গে বেড়াতে যাওয়া কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ১৬ বছর পর গ্রেপ্তার সাইফুল
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৭:৩৬

রাজধানীর কামরাঙ্গীরচরে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি সাইফুল ইসলামকে ১৬ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব–৩। রোববার দুপুরে গুলশান–১ নম্বরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনার পর তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। সম্প্রতি তাকেসহ চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

র‌্যাব–৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, সাইফুল ইসলাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার লং শিবার দীঘির পাড় এলাকার সিকান্দারের ছেলে। ২০০৯ সালে কামরাঙ্গীরচর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলার আসামি তিনি।

র‌্যাবের ভাষ্য, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর ১৪ বছরের এক কিশোরী বান্ধবীর সঙ্গে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ নৌকা ঘাট এলাকায় বেড়াতে যান। সন্ধ্যার দিকে বান্ধবী চলে গেলে সাইফুল ও তার সহযোগীরা কিশোরীকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে নৌকায় তুলে নেয়। পরে বুড়িগঙ্গা নদীর মাঝখানে গিয়ে নৌকার মাঝিকে নদীতে ফেলে দিয়ে তারা মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনার পর ভুক্তভোগীকে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ভুক্তভোগী বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। গত ২২ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৪ এর বিচারক মুন্সী মো. মশিউর রহমান চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

র‌্যাব জানায়, রায়ের পর থেকেই সাইফুল আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×