মানসিক ভারসাম্যহীন নারী সেই দুলালী মারা গেছেন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১০:২৭ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১০:৪০
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মানসিক ভারসাম্যহীন নারী দুলালী (৪০) মারা গেছেন। রোববার সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুলালী তীব্র রক্তস্বল্পতা (গুরুতর অ্যানিমিয়া), শরীরে লবণ-খনিজের ভারসাম্যহীনতা এবং সেপটিক শকে আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
দুলালী দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
দুলালীকে উদ্ধারকারী মুছা করিম রিপন সাংবাদিকদের জানান, গত ২২ মে সকালে বাসার পাশের একটি গলিতে অসুস্থ অবস্থায় দুলালীকে দেখতে পান তিনি। পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলতে পারছিলেন না দুলালী। তার শারীরিক অবস্থা খারাপ দেখে প্রথমে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল, এক্সিম ব্যাংক হাসপাতাল, নিরাময় ক্লিনিক ও সুপারম্যাক্স হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানে নেওয়া হলেও চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি।
একপর্যায়ে ‘দুলালীকে বাঁচাতে চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন মুছা করিম রিপন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে দুলালীর চিকিৎসার ব্যবস্থা করা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) এস এম জিয়াউদ্দিন হায়দারও দুলালীর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান সরকারিভাবে করা হচ্ছে বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে আজ সকালে মারা যান দুলালী।
