শেকৃবিতে মেসির জন্মদিনে গ্রাফিতি উন্মোচন, কেক কেটে উদযাপন
ছবি-সমকাল
শেকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২২:৪২
বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন হলের দেয়ালে মেসির বৃহদাকার গ্রাফিতি উন্মোচন করা হয়। পরে তার জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করেন আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষকরা।
আর্জেন্টাইন সমর্থকদের উদ্যোগে নির্মিত গ্রাফিতিতে ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের পর বিশ্বকাপ ট্রফি হাতে মেসির স্মরণীয় মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতি উন্মোচনের সময় উপস্থিত সমর্থকরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রিয় ফুটবল তারকার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, বিশ্ব ফুটবলে মেসির অসামান্য অবদান এবং কোটি ভক্তের আবেগের প্রতীক হিসেবে এ আয়োজন করা হয়েছে। তাদের মতে, এই গ্রাফিতি শুধু একজন ফুটবলারের প্রতি শ্রদ্ধা নয়, বরং খেলাধুলা ও শিল্পচর্চার সমন্বিত প্রকাশ।
আর্জেন্টিনার সমর্থক আনাস বিন সোলাইমান বলেন, “ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক আবেগের নাম। গত দুই দশক ধরে তিনি তার অসাধারণ নৈপুণ্য দিয়ে বিশ্বের কোটি কোটি দর্শককে আনন্দ দিয়ে আসছেন। ২০২২ সালের বিশ্বকাপের সময় আমরা একটি ছোট গ্রাফিতি করেছিলাম। তখনই স্বপ্ন ছিল, মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে একটি বৃহদাকার গ্রাফিতি নির্মাণ করব। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই আয়োজন। আমরা চাই, এই গ্রাফিতি মেসির প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার একটি স্থায়ী স্মারক হয়ে থাকুক।”
- বিষয় :
- আর্জেন্টিনা
- শেকৃবি
