সায়েন্সল্যাব ছেড়ে শিক্ষা ভবনের দিকে শিক্ষার্থীরা, ঢাবিতে পুলিশের বাধা
মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশে রওনা হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আটকে দেয় পুলিশ। ছবি-সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১৪:২৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১৪:৪৩
তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধের পর মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশে রওনা হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আটকে দিয়েছে পুলিশ। এ সময় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচিতে অংশ নেওয়ায় এলাকায় নিরাপত্তা জোরদার এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন। পরে তারা শিক্ষা ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে ভিসি চত্বরে পুলিশ তাদের বাধা দেয়।
একপর্যায়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি দাবিগুলো নিয়ে আলোচনার জন্য পাঁচজন প্রতিনিধি মনোনীত করার আহ্বান জানান এবং তাদের নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় নেওয়ার কথা বলেন।
পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ইডেন কলেজের সামনে দিয়ে শিক্ষাভবনের দিকে রওনা হন।
আন্দোলনে সিটি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মুন্সী আব্দুর রউফ কলেজ, উদয়ন কলেজ, মাইলস্টোন কলেজ, কমার্স কলেজ, ঢাকা ওরিয়েন্টাল কলেজ, হামদর্দ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আন্দোলনকারী পরীক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো— বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়া সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ায় অনেকেই প্রত্যাশিতভাবে পরীক্ষা দিতে পারেননি।
- বিষয় :
- শিক্ষার্থী
- বিক্ষোভ
- সড়ক অবরোধ
- শিক্ষা ভবন