মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনের কারাদণ্ড
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৯:৪৫
গ্রাহকদের হয়রানি রোধ এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই দালালকে কারাদণ্ড এবং তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক পাঁচজনের বিরুদ্ধে দালালির মাধ্যমে গ্রাহকদের প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— মো. মোজাফফার হোসেন (৫০) এবং মাহমুদ হাসান (৫৮)।
ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিলে দুইজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএ কার্যালয়ে আসা সেবাপ্রত্যাশীদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
- বিষয় :
- ভ্রাম্যমাণ আদালত
- কারাদণ্ড