ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যুবদলকর্মী ইউসুফ হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা জনির

হত্যায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার

যুবদলকর্মী ইউসুফ হত্যার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি নেতা জনির
×

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৯:৫২

রাজধানীর কাফরুলে যুবদলকর্মী ইউসুফ বেপারীকে গুলি করে হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা সাব্বির দেওয়ান জনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করে মূল অপরাধীদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু দাবি করেন, ইউসুফ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি। এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান হাফিজ তাঁর ঘনিষ্ঠজন। তাকে দিয়েই এ হত্যার পরিকল্পনা করা হয়। এতে টার্গেট ছিলেন বাবু, তবে ঘটনাচক্রে ইউসুফ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাব্বির দেওয়ান জনি বলেন, ইউসুফ হত্যায় অংশ নেওয়া চারজনসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা জানিয়েছে, হাফিজুর রহমান হাফিজ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অথচ হাফিজুল ইসলাম বাবু সংবাদ সম্মেলনে হাফিজের সঙ্গে আমার কয়েকটি ছবি দেখিয়ে হত্যার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে আমার ছবি থাকা স্বাভাবিক। অভিযুক্ত হাফিজুর রহমান হাফিজের সঙ্গে ছবি থাকলেও হত্যাকাণ্ডের আগে তাঁর বিরুদ্ধে এমন কোনো অপরাধের তথ্য জানা ছিল না। একইভাবে হাফিজুল ইসলাম বাবুসহ বিভিন্ন নেতার সঙ্গেও অভিযুক্ত হাফিজের ছবি রয়েছে। তাই কারও সঙ্গে ছবি থাকা অপরাধে সম্পৃক্ততার প্রমাণ হতে পারে না।

জনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে জড়িত অনেককে গ্রেপ্তার করেছে। জড়িত বাকিদেরও তারা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারবেন বলে আশা রাখি। তবে এর আগে কারও বিরুদ্ধে অপবাদ দেওয়া কাম্য নয়।

গত ২৪ জুলাই রাত সোয়া ১১টার দিকে কাফরুলের মিরপুর-১৩ নম্বর সেকশনের সি ব্লকে ওপেক্স গার্মেন্টসের দক্ষিণ পাশের সড়কে গুলির ঘটনা ঘটে। গুলিতে ইউসুফ নিহত এবং সবজি বিক্রেতা নালাম সর্দার ও পথচারী মনির হোসেন আহত হন। এ ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ডিবি ও কাফরুল থানা পুলিশ। তবে হাফিজকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

আরও পড়ুন

×