ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আলোচনা সভায় বক্তারা

জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে জনজীবনে নাভিশ্বাস 

জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে জনজীবনে নাভিশ্বাস 
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ২২:০০

বর্তমানে মানুষের জীবন-জীবিকা, আইনশৃঙ্খলা, বিদ্যমান বিচারব্যবস্থা এবং বেকার সমস্যা অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে। দেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে এক আলোচনা সভায় বক্তারা এমন প্রতিক্রিয়া জানান। গণমুক্তি পার্টি (বিজিপি), কেন্দ্রীয় পরিষদ এ সভার আয়োজন করে।

গণমুক্তি পার্টির তাত্ত্বিক ও প্রধান উপদেষ্টা এবং গবেষক ও লেখক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্মরণে ‘তাঁর জীবনদর্শন ও সাম্প্রতিক রাজনীতি’ প্রসঙ্গে এ সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের আহ্বায়ক এবং অনুষ্ঠানের সভাপতি এম এ আলীম সরকার। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দেশে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিভাবে বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। নতুন কর্মসংস্থানের অভাবে মানুষের জীবন-জীবিকা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।’ 

সরকারের কাছে সদর্থক আহ্বান জানিয়ে আলীম সরকার বলেন, ‘অনতিবিলম্বে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসনে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

তিনি বলেন, ‘অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মতো মানুষ বারবার জন্ম নেয় না। তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু, ন্যায়ের পক্ষে একজন দৃঢ় কণ্ঠস্বর এবং মানবতার এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকবে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক লেখক অমূল্য কুমার বৌদ্ধ, ঢাবির আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, জাসদের স্থায়ী কমিটির সদস্য ড. মোশতাক হোসেন, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ প্রমুখ।

আরও পড়ুন

×