ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে হামলার নেতৃত্বে ছাত্রদল নেতা মাসুদ

অস্ত্র-গুলিসহ থানা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে হামলার নেতৃত্বে ছাত্রদল নেতা মাসুদ
×

ফাইল ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৮

রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়িতে গুলি ও হামলার ঘটনায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা (৩৫) ওরফে কাইল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও একটি একনলা শুটারগান উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় রুবেল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও মাসুদের সহযোগী তাপসকেও গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবোর বরাব এলাকা থেকে মাসুদকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। এর আগে রাত আড়াইটার দিকে ডেমরার সেতুর ঢাল এলাকা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাসুদের অবস্থান শনাক্ত করে পুলিশ।

পুলিশের ভাষ্য, গত ২৮ আগস্ট ভোরে সারুলিয়ায় বিএনপি নেতা এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় করা মামলার তদন্তে মাসুদ ও তাপসের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পুলিশের দাবি, মাসুদের নেতৃত্বে ওই হামলা ও গুলিবর্ষণ করা হয়। ঘটনায় মাসুদ-তাপসসহ অন্তত আটজন জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়া এবং এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রেজা চৌধুরী সেলিমের বাড়িতে হামলা করা হয়। উদ্ধার হওয়া দুটি পিস্তল ও একনলা শুটারগান হামলায় ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট ভোরে চারটি মোটরসাইকেলে আটজন সারুলিয়ায় রেজা চৌধুরী সেলিমের বাড়ির সামনে যায়। তাঁদের একজন ক্রিকেট ব্যাটের প্যাকেট থেকে একনলা শুটারগান বের করেন। আরেকজন পিস্তল দিয়ে বাড়ি লক্ষ্য করে গুলি করেন। পরে তাঁরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তদন্তসংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে তাপস যুবলীগের ক্যাডার হিসেবে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ডেমরার রুবেল হত্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। ৫ আগস্টের পর তিনি ছাত্রদল নেতা মাসুদ রানার সহযোগী হিসেবে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, মাসুদ রানা স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে সারুলিয়া এলাকায় একটি মাদক সিন্ডিকেট গড়ে তোলেন। ওই চক্রের বিরুদ্ধে এলাকায় ফুটপাত ও বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

ডেমরা থানার ওসি মীরজাহ তাইফুর রহমান সমকালকে বলেন, ‘থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাসায় গুলির ঘটনায় মামলা হয়েছে। তদন্তে মাসুদ রানা ও তাপসের সংশ্লিষ্টতা পাওয়া যায়। সোমবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।’

আরও পড়ুন

×