ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং

মশার কয়েল থেকে আগুন, শ্বাসরোধে ব্যবসায়ীর মৃত্যু

মশার কয়েল থেকে আগুন, শ্বাসরোধে ব্যবসায়ীর মৃত্যু
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে নেওয়াজ চৌধুরী (৫৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। 
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত সাড়ে ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউনের ১১ নম্বর সড়কের একটি সাততলা ভবনের ছয়তলায় আগুন লাগার খবর পান তারা। এরপরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টা ২৫ মিনিটে আগুন নেভানো হয়। পরে ওই বাসায় তল্লাশি করে নেওয়াজ চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নেওয়াজ চৌধুরী ঠিকাদার ছিলেন।
স্বজনরা জানান, আগুন লাগার সময় নেওয়াজ চৌধুরী ওই ঘরে একা ঘুমিয়ে ছিলেন। পরিবারের সদস্যরা অন্য ঘরে ছিলেন। তিনি ঘরে আটকা পড়েন এবং ধোঁয়ার কারণে মারা যান। বাসার আসবাবসহ অন্য মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন

×