জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
ছবি-সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার দুপুর সাড়ে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইমন। তবে সংঘর্ষের সূত্রপাত ও তাৎক্ষণিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ভিক্টোরিয়া পার্কসংলগ্ন একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তাদের ক্যাম্পাসের কাঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম এখনো জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি। টুকটাক হয়তো আঘাত পেয়েছে।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- সংঘর্ষ