আনিসুল হকের মৃত্যু অপূরণীয় ক্ষতি: আতিকুল
ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০৯:১৫
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শনিবার তিনি বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আনিসুল হকের কবর জিয়ারত করেন। তারা তারা কিছুক্ষণ নীরবতা পালন করে আনিসুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তারা মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন তারা।
এছাড়া গুলশান আজাদ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন প্রয়াত আনিসুল হকের পরিবার। এতে আনিসুল হকের স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
কবর জিয়ারত শেষে আতিকুল ইসলাম বলেন, আনিসুল হকের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে ঢাকাবাসীর। আনসুল হকের সাথে তার দীর্ঘদিনের নানা স্মৃতির কথা উল্লেখ করে বলেন, আনিসুল হক ছিলেন একাধারে দক্ষ সংগঠক, সফল ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব, সমাজসেবক ও একজন চমৎকার মানুষ। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন ডিএনসিসির প্রথম মেয়র হিসেবে। তিনি মেয়র হওয়ার পর ঢাকাবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।
- বিষয় :
- ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম