'সড়ক আইন বাস্তবায়নে অবকাঠামো উন্নয়ন জরুরি'
আলোচনা সভায় বক্তারা- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ১০:১৮
দ্রুত বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন আইন প্রয়োগের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সমিতির আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেছেন, সড়ক-মহাসড়কের উন্নয়ন এবং বিআরটিএ'র সক্ষমতা বৃদ্ধি না হলে সড়ক পরিবহন আইনে সুফল মিলবে না।
'সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে চ্যালেঞ্জ সমূহ' শীর্ষক এ আলোচনা সভায় অংশ নেন ডিটিসিএ'র সাবেক নির্বাহী পরিচালক ড. সালেহ উদ্দিন, সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান, আন্তঃজেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, এফবিসিসিআই'র পরিচালক আবদুল হক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সভার ধারণাপত্র পাঠ করেন। এতে আইন বাস্তবায়নের পথে ৯টি চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
এগুলো হলো, চালক সঙ্কট, ফিটনেসবিহীন যানবাহন, ফুটপাথ-সড়ক দখল, অবৈধ পার্কিং, চাঁদাবাজি, মহাসড়কে সার্ভিস লেন না থাকা, বিআরটিএর সক্ষমতার অভাব, আইন প্রয়োগে দুর্নীতি এবং নিবন্ধনবিহীন গাড়ি।
ধারণাপত্রে বলা হয়, দেশে ৭০ লাখ চালক রয়েছেন। তাদের মধ্যে মাত্র ২১ লাখের হাতে বৈধ লাইসেন্স রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে নতুন চালক সৃষ্টি না করলে আইন বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে। ৬০ লাখ যানবাহনের মধ্যে ১৩ লাখের নিবন্ধন ও ফিটনেস নেই। সড়কে নসিমন, করিমন, ইজিবাইকের মতো অবৈধ যান রয়েছে উল্লেখ করে বলা হয়, এগুলো রেখে সড়কে নিরাপত্তা আসবে না। মহাসড়কে ধীরগতির, দুই ও তিন চাকার যান চলাচলে পৃথক লেন নেই। লেন নির্মাণ না করে মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচলে জরিমানা করলে বিরুপ প্রতিক্রিয়া হতে পারে। বৈধ পার্কিংয়ের ব্যবস্থা না থাকায়, অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন। সড়ক মহাসড়কে দিনে প্রায় দুই কোটি টাকার চাঁদাবাজি হয়। চাঁদাবাজি বন্ধ না হলে সড়ক আইন চ্যালেঞ্জের মুখে পড়বে।
সভায় বলা হয়, দেশে যানবাহনের সংখ্যা ৬০ লাখ। তা দেখভালে বিআরটিএর জনবল মাত্র ৭০০ জন। সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রধান দায়িত্ব এ সংস্থাটির ওপর। বিআরটিএকে শক্তিশালী না করে আইন প্রয়োগ সম্ভব নয়। আইন প্রয়োগ দুর্নীতি মুক্ত রাখাও চ্যালেঞ্জ। সিসি ক্যামরা পদ্ধতিতে প্রসিকিউশন চালু না করলে দুর্নীতি বৃদ্ধি পাবে।
- বিষয় :
- বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি