ভাটারায় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ০৮:০২
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ বাচ্চু মিয়া (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। মাংস ব্যবসায়ী ছিলেন তিনি।
নিহতের স্বজন সাইদুল ইসলাম জানান, নতুনবাজার এলাকার মসজিদের সামনের সড়ক পার হচ্ছিলেন বাচ্চু। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমলাপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার : রাজধানীর কমলাপুর রেল টার্মিন্টাল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ৭ নম্বর প্ল্যাটফর্মে আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। তার মুখে লম্বা দাড়ি, পরনে ছিল সাদা ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি।
ঢাকা রেলওয়ে থানার পুলিশ জানায়, অচেতন অবস্থায় প্ল্যাটফর্মে পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। পরিচয় জানার চেষ্টা চলছে।
- বিষয় :
- অটোরিকশার ধাক্কা
- ব্যবসায়ী নিহত
- ভাটারা
