ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ধানমন্ডিতে প্রকৌশলীর বাসায় শিশু গৃহকর্মীর মৃত্যু

নির্যাতন ও হত্যার অভিযোগ স্বজনের

ধানমন্ডিতে প্রকৌশলীর বাসায় শিশু গৃহকর্মীর মৃত্যু
×

ম্যাপ

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ২৩:৩৫ | আপডেট: ১৯ জুন ২০২৬ | ২৩:৩৬

রাজধানীর ধানমন্ডি এলাকার বাসায় এক শিশু গৃহকর্মীর (৯) মৃত্যু হয়েছে। গৃহকর্তার পরিবার বলছে, শুক্রবার সকালে শিশুটি ভবন থেকে পড়ে যায়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে শিশুর স্বজনের অভিযোগ, তাকে ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে। নির্যাতনেরও অভিযোগ করেন তারা।

ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, বহুতল ভবনটির দশম তলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বাসায় কাজ করত শিশুটি। মাসখানেক আগে সে কাজে যোগ দেয়। শুক্রবার সকালে কোনোভাবে সে বাসার বারান্দা থেকে পড়ে যায়। বারান্দার নিচের অংশে রেলিং ও ওপরের অংশ খোলা ছিল। প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্র জানায়, পাউবোর ওই অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বাসায় তিনি ছাড়া তার স্ত্রী ও দুই সন্তান থাকেন। গৃহকর্তার দাবি, মেয়েটি ভবন থেকে পড়ে মারা যায়। তবে শিশুটি ভবন থেকে দুর্ঘটনাবশত পড়ে গেছে, নাকি অন্য কিছু, তা তদন্তে বেরিয়ে আসবে।

এদিকে মেয়ের অসুস্থতার খবর পেয়ে ঢাকায় আসেন শিশুটির মা-বাবা। ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে তারা কান্নায় ভেঙে পড়েন। শিশুটির বাবা সাংবাদিকদের জানান, মাসখানেক আগে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে মেয়েকে ওই বাসায় চার হাজার টাকা বেতনে কাজে দেন। কয়েকদিন আগে মেয়ে ফোন দিয়ে মায়ের কাছে কান্নাকাটি করে বলে, সে আর ওই বাসায় কাজ করবে না। পরে তারা মেয়েকে নিয়ে যেতে চাইলে গৃহকর্তার স্ত্রী রাজি হননি। তিনি বলেছেন, যে ব্যক্তির মাধ্যমে মেয়েটিকে কাজে নিয়েছেন, তাকে ১০ হাজার টাকা দিয়েছেন। তাই মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে আগে ১০ হাজার টাকা দিতে হবে। এরপর শুক্রবার সকালে তাদের ফোন করে বলা হয়, মেয়ে অনেক অসুস্থ। শিশুটিকে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন বাবা।

এদিকে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবন থেকে শিশুটি নিচে পড়ে যাচ্ছে। তবে ওই ক্যামেরায় তৃতীয় তলা পর্যন্ত দৃশ্যমান হয়েছে। তাই ঠিক কোন তলা থেকে সে কীভাবে পড়ে যায়, তা স্পষ্ট বোঝা যায়নি।

আরও পড়ুন

×