ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কাঁদলেন সাঈদ খোকন, চাইলেন ঢাকাবাসীর দোয়া

কাঁদলেন সাঈদ খোকন, চাইলেন ঢাকাবাসীর দোয়া
×

ছবি টিভি থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৩

আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন আগামী সিটি নির্বাচনেও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এজন্য বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এরপর কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সাঈদ খোকন। 

সাঈদ খোকন তার বাবা ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের স্মৃতিচারণ করে বলেন, পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি। আজ পিতা নেই। তার অবর্তমানে আমার অভিভাবক আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন।

তিনি আরও বলেন, মেয়র হিসেবে গত সাড়ে চার বছর ঢাকাবাসীর পাশে ছিলাম। আমার জন্য ঢাকাবাসী ও দেশবাসীর দোয়া চাই। আজ আমার কঠিন সময়। এই সময় আমি যেন কামিয়াব (সফল) হই, সে জন্য আপনাদের দোয়া প্রয়োজন।

সাঈদ খোকন বলেন, আমি মেয়র হিসেবে ঢাকাবাসীর জন্য অনেক কিছু করেছি। আরও কিছু কাজ বাকি আছে। আমি কর্তব্য পালনে কখনো অবহেলা করিনি। এই কঠিন সময়ে আপনাদের পাশে চাই। আগামী ৫ বছর আপনারদের পাশে থাকব ইনশাআল্লাহ।

ঢাকা দক্ষিণে এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজি সেলিম। আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন ফরম কিনতে পারেন। আওয়ামী লীগের অনেক নেতার মতে, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থী পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন

×