বায়ু দূষণের দায়ে দু'জনের জরিমানা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৪ | আপডেট: ১৫ মার্চ ২০২০ | ০৬:৩০
বায়ু দূষণের দায়ে দু'জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ডিএনসিসি জানায়, অভিযানকালে ইউনিসেফের নির্মাণাধীন কার্যালয় ভবন নির্মাণকাজে ব্যবহূত বিভিন্ন সরঞ্জাম খোলামেলাভাবে পড়ে থাকতে দেখেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাজে অব্যবস্থাপনাসহ প্রচুর ধুলো উড়তে দেখা যায়। এ কারণে প্রতিষ্ঠানটির প্রকৌশলী আরিফ ও আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে আগারগাঁও থেকে শ্যামলী শিশুমেলা পর্যন্ত রাস্তার দু'পাশের শতাধিক অবৈধ নার্সারি এবং ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) কার্যালয়ের দেয়াল ঘেঁষে ফুটপাতে মাটি রাখায় এডিবিকে সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, বায়ুদূষণের বিরুদ্ধে ডিএনসিসির অভিযান চলছে। ইতোমধ্যে কয়েকজনকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। কয়েকজনকে সময় দেওয়া হয়েছে।
