হঠাৎ উত্থানের চেষ্টা বর্তমানে বড় ব্যাধি: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১০:১১
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, হঠাৎ করে উত্থানের চেষ্টা বর্তমান সময়ের বড় ব্যাধি। অনেকেই শর্টকার্ট উপায়ে এগোতে চায়। কেউ গ্রুপ অব কোম্পানির মালিক হতে চায়। কেউ কোটি টাকা আয় করতে চায়। আবার কেউ দ্রুততার সঙ্গে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হতে চায়। হঠাৎ বড় হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় সম্পদ আহরণে সবাই ব্যস্ত। এ প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাইন্ড সেটআপ পরিবর্তন করতে হবে। ঐকান্তিক ইচ্ছা, গভীর মনোনিবেশ, অধ্যবসায় ও নিরলস প্রচেষ্টা থাকলে সাফল্য আসতে বাধ্য।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তর মিলনায়তনে জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 'সুশাসন ও উন্নয়ন' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন এবং সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজ্জাম্মেল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলম। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ আহমেদ।
