সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে বাড়ছে সহিংসতা, গুজব রোধে সতর্কতার আহ্বান
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৭:৫৮
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে দেশে গুজব, উসকানি ও সহিংসতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। তবে তা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।’
আজ রোববার রাজধানীর এফডিসিতে ‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
ড. মাহবুব উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে সমাজে বিভাজন তৈরির চেষ্টা চলছে। প্রতিবেশী দেশ থেকেও ধর্মীয় সম্প্রীতি নষ্টের উসকানি ও অপপ্রচার অব্যাহত আছে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোরও গুজব ও অপতথ্য ছড়ানোর বিষয়ে দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণির মানুষ অত্যন্ত নোংরা ও অরুচিকর ভাষা ব্যবহার করছে। কৃত্রিম উত্তেজনা তৈরি করে সমাজে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বাড়তে থাকা ডিজিটাল আসক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বানোয়াট তথ্য, ভুয়া ছবি ও উসকানিমূলক পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে সহিংস পরিস্থিতি তৈরি করছে। ধর্মীয় বা সামাজিক অনুভূতিতে আঘাত দিয়ে বিভেদ তৈরির চেষ্টা বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ভিডিও ও অপপ্রচার তৈরি করে মানুষকে হয়রানির ঘটনাও বাড়ছে। সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যক্তি ও পারিবারিক সচেতনতার পাশাপাশি সাইবার নজরদারি জোরদার করা প্রয়োজন।
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তেজগাঁও কলেজকে পরাজিত করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিজয়ী হয়। পরে বিজয়ী দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
- বিষয় :
- সামাজিক মাধ্যম
