ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পুলিশ কন্ট্রোল রুম থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু

পুলিশ কন্ট্রোল রুম থেকে পড়ে কনস্টেবলের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ১০:১১

রাজধানীর আবদুল গনি রোডের পুলিশ কন্ট্রোল রুম ভবন থেকে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৪) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। দাম্পত্য কলহের জেরে তিনি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করছেন তার স্বজন ও পুলিশ।

শাহবাগ থানার এসআই রিপন কুমার বিশ্বাস জানান, ২০১৫ সালে কনস্টেবল পদে যোগ দেন সুধাংশু। সর্বশেষ তিনি পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পূর্ব বিভাগে কর্মরত ছিলেন। 

শুক্রবার সকালে পুলিশ কন্ট্রোল রুমের ১ নম্বর ভবনের সামনে তার রক্তাক্ত নিথর দেহ পাওয়া যায়। তাকে ওই ভবনের চারতলা থেকে লাফ দিতে দেখেছেন কয়েকজন। এরপর তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সুধাংশুর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খাড়াসুনি গ্রামে।

সুধাংশুর পিসতুতো (ফুফাতো) ভাই পিন্টু সরকার জানান, ২০১৭ সালে বিয়ে করেন সুধাংশু। তিনি স্ত্রীকে ঢাকায় নিয়ে আসতে চাচ্ছিলেন। তবে তার স্ত্রী রাজি হচ্ছিলেন না। মাস ছয়েক আগে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এসব নিয়েই দু'জনের মধ্যে কলহ চলছিল।

আরও পড়ুন

×