ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইসির বক্তব্যেই ইভিএম নিয়ে শঙ্কা বেড়েছে: তাবিথ

ইসির বক্তব্যেই ইভিএম নিয়ে শঙ্কা বেড়েছে: তাবিথ
×

নির্বাচনী প্রচারে তাবিথ আওয়াল- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৯:৩৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য আশঙ্কা বাড়ছে। ইভিএম নিয়ে বিএনপির যে শঙ্কা তাই প্রমাণিত হয়েছে কমিশনার রফিকুল ইসলামের বক্তব্যে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী জাল ভোট ঠেকাতে প্রস্তুত কিনা- এটি এখন ভোটারদের প্রশ্ন।

শনিবার রাজধানীর খিলগাঁও তালতলায় নির্বাচনী প্রচার শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এসব বলেন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, কেন্দ্র দখল করতে পারলে ইভিএমে ভোট চুরি করা যায়।

তাবিথ আউয়াল বলেন, তারা প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে ভোটাররা ভয়ে আছেন, তারা সবাই ভোট দিতে চান। তাদের ভোটের অধিকার রক্ষা করতে চান। তিনি বলেন, ভোটারদের প্রতি আহ্বান তারা যেন নিজের ভোট যেন নিজে দেন। যতই হামলা আসুক, দলের নেতাকর্মীরা ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দানে সহযোগিতা করবেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আবুল হোসেন, এবিএম মোশাররফ হোসেন, নিপুণ রায় চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা আকরামুল হাসান, স্থানীয় কাউন্সিলর প্রার্থী হেলাল কবির, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ। তাবিথ আউয়াল ২২, ২৩, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডের খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, মধুবাগ, বনশ্রী, মগবাজার, হাজীপাড়া, রামপুরাসহ আশপাশের এলাকায় নির্বাচনী প্রচার চালান। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন উপহার দেবেন। মেয়র ও কাউন্সিলরদের জবাবদিহি নিশ্চিত করবেন।

তাবিথ আউয়াল আরও  বলেন, ঢাকা শহর থমকে গেছে। ট্রাফিক ব্যবস্থা, মশা নিধন, বর্জ্য নিস্কাশন, ড্রেনেজ সিস্টেম- এসব সমস্যা সমাধানে তার পরিকল্পনা আছে। বাসযোগ্য ঢাকা গড়তে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবেন তিনি।

এদিকে তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল মিন্টু ১৭নং ওয়ার্ডের খিলক্ষেত কুড়িল কাজীবাড়ী থেকে গণসংযোগ করেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে ভোট চান। তার সঙ্গে স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×